ঢাবিতে ছয় সাংবাদিককে হেনস্তার ঘটনায় ডাকসুর প্রতিবাদ
- আপডেট সময় ০৬:২৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিনে ছয় সাংবাদিক হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল চারটায় ডাকসু সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক মুহাঃ মহিউদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে প্রতিবাদ জানায়।
সংবাদ বিবৃতিতে বলা হয়, ‘ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতাকর্মীদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিনে ছয় সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। গতকাল বুধবার দু’টি পৃথক ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকবৃন্দ হামলা ও হেনস্তার শিকার হোন। এ ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।’
বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গণে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন কর্তৃক অস্থিতিশীলতা তৈরির অপতৎপরতা পরিলক্ষিত হয়েছে। সরকারি দলের ছাত্রসংগঠনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেয়াল লিখন কর্মসূচি ঘোষিত হলে পেশাগত দায়িত্ব পালনকালে বিজয় একাত্তর হল এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে পৃথক দুটি ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের হাতে ছয়জন সাংবাদিক হেনস্তার শিকার হন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এধরণের সাংবাদিক হেনস্তার ঘটনা এবং সংবাদ সংগ্রহে বাধা প্রদান গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্যপ্রাপ্তির অধিকারের উপর সরাসরি আঘাত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও ক্যাম্পাস থেকে নিষিদ্ধ ছাত্রলীগকে বিতাড়িত করার পর থেকে ক্যাম্পাসে যে শৃঙ্খলা ও সহাবস্থানমূলক পরিবেশ ছিল, এ ধরনের ঘটনা সেই পরিবেশ বিনষ্ট করে একক কর্তৃত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির আশঙ্কা তৈরি করছে।’
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি প্রদর্শন এবং সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘ডাকসু এ ঘটনায় স্পষ্টভাবে প্রতিবাদ জানাচ্ছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সংশ্লিষ্টদেরকে জবাবদিহির আওতায় আনা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।’
উল্লেখ্য, বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিজয় একাত্তর হলের সামনে প্রাইম বাংলাদেশের ঢাবি প্রতিনিধি ইফতেখার সোহান সিফাতকে ভিডিও ধারণে বাধা দেওয়া হয় এবং হেনস্তা করা হয়। প্রতিবাদ জানালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আরও দুই সদস্য, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আসাদুজ্জামান খান এবং নয়া দিগন্তের প্রতিনিধি হারুন ইসলাম হেনস্তার শিকার হন। একই দিন মধ্যরাতে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সংবাদ সংগ্রহকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি মানজুর হোসাইন মাহি, অর্থ সম্পাদক ও ডেইলি অবজারভারের প্রতিনিধি নাইমুর রহমান ইমন এবং সদস্য সজীব আহমেদ হুমকিধামকি ও বাধার মুখে পড়েন।



















