পবিপ্রবিতে প্রকল্প পরিচালককে অবরুদ্ধ; চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
- আপডেট সময় ০১:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এ প্রকল্প পরিচালক (পিডি) মো. ওবায়েদুল ইসলামকে তার নিজ কার্যালয়ে তালাবদ্ধ করে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে তালা খুলে দেয়া হয়।
এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
জানা গেছে, ছাত্রদলের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী পিডির কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে তালা লাগিয়ে দেন। এতে তিনি প্রায় দুই ঘণ্টা কক্ষে অবরুদ্ধ ছিলেন।
অবরুদ্ধ অবস্থায় পিডি মো. ওবায়েদুল ইসলাম অভিযোগ করেন, চলমান প্রকল্পের কাজ থেকে ১ শতাংশ কমিশন দাবি করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে।
তবে ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার দাবি, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানাতেই তারা এ কর্মসূচি পালন করেছেন।
ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে একটি সমঝোতায় পৌঁছালে পিডির কক্ষের তালা খুলে দেয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাবিবুর রহমান বলেন, এখানে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি রয়েছে। অভিযোগকারীরা যদি লিখিতভাবে অভিযোগ দেন, তবে বিষয়টি বিশ্লেষণের জন্য উপাচার্যের কাছে একটি তদন্ত কমিটি গঠনের সুপারিশ করা হবে।



















