নায়িকার কান ছিঁড়ে দুল নিয়ে গেছে ছিনতাইকারী
- আপডেট সময় ০৭:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক সময়ের রূপালি পর্দার নায়িকা রঞ্জিতা।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে বিএফডিসি থেকে বের হয়ে রামপুরা বাজার এলাকায় বাসায় ফেরার সময় ছিনতাইকারীরা তার কানের দুল ধরে টান দিয়ে নিয়ে যায়। ফলে কান ছিঁড়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর কানে সাতটি সেলাই লাগে। শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও অভিনেতা সনি রহমান বলেন, ‘আমরা আপাকে দেখতে গিয়েছিলাম। রক্ত বন্ধ হচ্ছিল না, রাতে হাসপাতালে ভর্তি ছিলেন আপা। দুপুরে বাসায় পৌঁছেছেন তিনি।’
এক ভিডিওবার্তায় অভিনেত্রী বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন আমাদের কাছে সব সময় উৎসবমুখর। সেটা দেখার জন্য আমি এফডিসিতে গিয়েছিলাম। রাতের দিকে বাসার ফেরার সময় হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার দুল ধরে টান দেয়। পরে দেখি রক্ত ঝরছে, কান ছিঁড়ে গেছে।’
উল্লেখ্য, আশির দশকের শেষ দিকে রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে রঞ্জিতার। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। পরে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেন। ২০০৫ সালের পর থেকে তাকে আর সিনেমায় দেখা যায়নি।
এদিকে বর্তমানে ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করেন এই অভিনেত্রী। তার সঙ্গে রয়েছেন শারীরিক প্রতিবন্ধী ভাই ও একমাত্র সন্তান।



















