ঢাবির হলের ছাদে গাঁজা সেবন, প্রভোস্টের কাছে হাতেনাতে ধরা ৬ শিক্ষার্থী
- আপডেট সময় ০৩:৫৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৪ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ছাদে গাঁজা সেবনের সময় ছয় শিক্ষার্থীকে হাতেনাতে ধরেছে হল প্রশাসন। মঙ্গলবার রাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে হলের প্রভোস্ট অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন ও দুই আবাসিক শিক্ষক তাদের গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পান। পরে সেখান থেকে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
হল প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হলের ছাদে গাঁজার আসর বসেছে—এমন খবর পেয়ে প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপন আবাসিক শিক্ষক রনি মৃধা ও সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় তারা একদল শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পান।
প্রভোস্ট তাদের গাঁজা সেবন বন্ধ করতে বললে শিক্ষার্থীরা দ্রুত সেখান থেকে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে হল প্রশাসন।
এ বিষয়ে হলের প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপন আমার দেশকে বলেন, ‘গাঁজার আসর বসেছে এমন খবর পেয়ে আমিসহ হলের দুই হাউজ টিউটর ছাদে যাই। সেখানে আমরা একদল শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পাই।’
তিনি বলেন, ‘আমরা সেই শিক্ষার্থীদের থামতে বলি। কিন্তু তারা না থেমে আমাদের সামনে তাড়াহুড়ো করে হেঁটে চলে যায়। পরে আমরা সেখান থেকে গাঁজা ও মাদকদ্রব্য উদ্ধার করি।’
ঘটনার পর হলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাঁজা সেবনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে হল প্রশাসন সূত্র। জড়িতরা হলেন—২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোরশেদুল ইসলাম আকাশ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সিফাত হোসেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ওবাইদুর রহমান ত্বকি, যোগাযোগ বৈকল্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের পলক সানজিদ শুভ, এবং ইসলামের ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমন আহাম্মেদ।
তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে ওবাইদুর রহমান ত্বকি শান্তি ও সংঘর্ষ বিভাগে অধ্যয়নরত। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।
এ ঘটনায় হল প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আজকে বসব। সেই শিক্ষার্থীদের ব্যাপারে দ্রুতই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’









