এবার গাইবান্ধায় চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা
- আপডেট সময় ০৫:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
সাংবাদিককে অপমানের অভিযোগে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। তারা এই চিত্রনায়িকার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশও করেছেন। এ সময় ‘উচ্ছৃঙ্খল’ পরীমনির অসংবেদনশীল আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশও করেন স্থানীয় সাংবাদিক নেতারা।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের জেলা পুলিশ লাইনস রোডে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সমাবেশের মাধ্যমে তারা বলেন, গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর বিরুদ্ধে অসদাচরণ ও ভিত্তিহীন অভিযোগ তোলেন পরীমনি। তিনি ওই সাংবাদিককে গালাগাল করেন এবং অশালীন স্পর্শের দাবি তোলেন। অথচ ভুক্তভোগী ওই সাংবাদিক শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন এবং তার একটি হাত অকেজো।
সাংবাদিক নেতারা বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশে এমন অসংবেদনশীল আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষায় গণমাধ্যমকর্মীরা সর্বদাই ঐক্যবদ্ধ থাকবেন।
বক্তারা অবিলম্বে ওই ঘটনায় দুঃখ প্রকাশ না করা পর্যন্ত পরীমনি সংক্রান্ত যেকোনো সংবাদ প্রকাশ থেকে বিরত থেকে তাকে সার্বিকভাবে বয়কটের ঘোষণা দেন এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি জানান।
প্রসঙ্গত, গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) ‘গণউন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে’ মিট দ্যা প্রেসের একটি অনুষ্ঠানে জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শেষে ওই কলেজের সামনে জেলার প্রায় অর্ধশত সাংবাদিক একত্রিত হয়ে পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়ে এই প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা শেখ হাবিবুর রহমান, সিদ্দিক আলম দয়াল ও ফারুক হোসেন প্রমুখ।
এর আগে, চট্টগ্রামে অনুষ্ঠেয় চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ডের অতিথি তালিকা থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। সাংবাদিকদের প্রতিবাদ, বয়কট ও প্রতিহতের ঘোষণার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন।
আগামী ২৮ নভেম্বর নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।
খালেদ সুমন জানান, সাংবাদিকের সঙ্গে পরীমনির সাম্প্রতিক ঘটনার আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা। এ সিদ্ধান্তের পর নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।
এদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলায় গত বুধবার আদালতে হাজির হওয়ার কথা ছিল পরীমনির। কিন্তু অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে তিনি অনুপস্থিত থাকেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরদিন বৃহস্পতিবার বিপুলসংখ্যক দেহরক্ষী নিয়ে আদালতে আত্মসমর্পণ করতে যান তিনি।
আদালতকেন্দ্রিক বিতর্কে উচ্ছৃঙ্খল পরীমনির নাম জড়ানোর ঘটনা অবশ্য নতুন নয়। ২০২১ সালে মাদক মামলায় কারামুক্তির সময় প্রিজনভ্যান থেকে বেরিয়ে হাতের তালুতে ‘ডোন্ট লাভ মি বিচ’ লিখে প্রদর্শন করেছিলেন তিনি। একই সময় ক্যামেরার সামনে আপত্তিকর হাতের ভঙ্গিও করেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ছাড়া রিমান্ড শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার ও পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশের ঘটনাও সে সময় সংবাদমাধ্যমে উঠে আসে।



















