মধ্যপ্রাচ্যে উত্তেজনা: শেয়ার বাজারে আরব আমিরাতের ১২০ বিলিয়ন ডলার ক্ষতি
- আপডেট সময় ০৬:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ৩৬ বার পড়া হয়েছে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বড় ধরনের ধসের মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থনীতি। গত এক মাসে দেশটির দুবাই এবং আবুধাবির শেয়ার বাজারগুলো প্রায় ১২০ বিলিয়ন ডলার সমমূল্যের পুঁজি হারিয়েছে। এই বিশাল লোকসানের কারণে বৈশ্বিক অঙ্গনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আর্থিক বাজারগুলোর তালিকায় শীর্ষে চলে এসেছে দেশটির নাম।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুবাই এবং আবুধাবির প্রধান শেয়ার সূচকগুলো যথাক্রমে প্রায় ১৬ শতাংশ এবং ৯ শতাংশ হ্রাস পেয়েছে। এর মধ্যে, দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট (ডিএফএম) জেনারেল ইনডেক্স প্রায় ৪৫ বিলিয়ন ডলার এবং আবুধাবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ (এডিএক্স) জেনারেল ইনডেক্স প্রায় ৭৫ বিলিয়ন ডলারের বাজার মূলধন হারিয়েছে। একই সময়ে কাতার এবং বাহরাইনের পুঁজিবাজারে যথাক্রমে ৪ ও ৭ শতাংশ পতন হলেও সৌদি আরব এবং ওমানের বাজারগুলো কিছু মুনাফা অর্জন করতে পেরেছে।
হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে অন্যান্য দেশের তুলনায় আমিরাত কম ক্ষতিগ্রস্ত হলেও, দেশটির বিমান চলাচল ও পর্যটন খাত বড় ধরণের ধাক্কা খেয়েছে। যুদ্ধাবস্থার কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে, যার বড় অংশই বিশ্বের অন্যতম ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রিক। উল্লেখ্য, গত বছর আমিরাতের অর্থনীতিতে পর্যটন ও ভ্রমণ খাত থেকে প্রায় ৭০ বিলিয়ন ডলার আয় হয়েছিল, যা দেশটির মোট জিডিপির ১৩ শতাংশ।
তবে এই মন্দাকে কাঠামোগত স্থায়ী ক্ষতি বলতে নারাজ অর্থনীতিবিদরা। দুবাইয়ের আমেরিকান ইউনিভার্সিটির ফিন্যান্সের সহকারী অধ্যাপক হায়থাম আউন বলেন, ‘এটি বিনিয়োগকারীদের আস্থায় একটি সাময়িক ধাক্কা দিলেও দেশটির দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার জন্য কোনো মৌলিক হুমকি নয়।’
তেলনির্ভরতা কমিয়ে অর্থনৈতিক বৈচিত্রায়নের অংশ হিসেবে আমিরাত আর্থিক খাতে ব্যাপক বিনিয়োগ করায় ২০২৪ সালে দেশটির তালিকাভুক্ত শেয়ারগুলোর মোট মূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছিল। বিশ্লেষকদের ধারণা, চলমান এই যুদ্ধের একটি স্থায়ী সমাধান পাওয়া গেলে দুবাই এবং আবুধাবির শেয়ার বাজারগুলোতে আবারও বড় ধরনের উত্থান ঘটবে।
























