বেগম জিয়ার ছবিসম্বলিত ব্যানার ছেঁড়ায় শিক্ষার্থীদের শাস্তি চায় ইবির বিএনপিপন্থি শিক্ষকরা
- আপডেট সময় ১২:০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ৪৯ বার পড়া হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় পতাকা ও বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার ছেঁড়ার ঘটনাকে বেগম জিয়া ও জাতীয় পতাকার অবমাননা দাবি করেছেন বিএনপিপন্থি শিক্ষক-কর্মচারীরা। এর প্রতিবাদে রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে এর সাথে জড়িত শিক্ষার্থীদের শাস্তি দাবি করেন তারা। এদিকে তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রতিবাদ সমাবেশে অংশ নেয় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জিয়া পরিষদ, শাখা ছাত্রদল এবং বিএনপিপন্থি কর্মকর্তা সমিতির বিভিন্ন ইউনিট।
জানা যায়, গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে প্রশাসন ভবনের সামনে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা। এসময় প্রশাসন ভবনের কলাপসিবল গেইটে ঝুলানো ছাত্রদলের একটি পুরাতন ব্যানারের আড়ালে থাকা এক কর্মকর্তার সাথে আন্দোলনকারীদের বাগ্বিতণ্ডা হয়। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা ওই ব্যানার ছিঁড়ে ফেলে এবং ছেঁড়া ব্যানারটি শিক্ষার্থীদের দ্বারা পদদলিত হয়। পরবর্তীতে ছাত্রদলের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানালে দুঃখ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
ওই ব্যানারে বেগম খালেদা জিয়ার ছবি ও জাতীয় পতাকা থাকায় এ ঘটনাকে বেগম জিয়া ও পতাকার অবমাননা দাবি করে শিক্ষার্থীদের শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ ও ইউট্যাব।
ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাবেক সভাপতি অধ্যাপক ড. নজিবুল হক, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, সিনিয়র অধ্যাপক ড. আলীনূর রহমান, জিয়া পরিষদের সেক্রেটারি অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও ইউট্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন। উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ, কর্মকর্তা সমিতিসহ নেতৃবৃন্দসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পতাকাকে পদদলিত করা এবং দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর ছবি অবমাননা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত ও ন্যক্কারজনক কর্মকাণ্ড। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতরা প্রকৃত ছাত্র হতে পারে না। কিছু গোষ্ঠী বিভিন্ন আন্দোলনের নামে প্রশাসন ভবনে তালা দিয়ে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এদিকে এ ঘটনায় হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সংবাদ ২৪৭



















