চুরি করার সময় যুবদল নেতাকে ধরে গণপিটুনি
- আপডেট সময় ০৮:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে
বরিশালের বানারীপাড়ায় মাছ বিক্রেতার পকেট থেকে টাকা চুরির সময় খোকন হাওলাদার নামের এক যুবদল নেতা জনতার হাতে আটক হয়েছেন। পরে তাকে মারধর করা হয়।
রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে এ ঘটনা ঘটে।
খোকন হাওলাদার উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
বিশারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নান্না মিয়া তালুকদার জানান, সকাল ৯টার দিকে চৌমোহনা বাজারের মাছ বিক্রেতা কলাভিটা গ্রামের অনিল মন্ডলের পকেটে কৌশলে হাত দিয়ে টাকা চুরির চেষ্টা করেন যুবদল নেতা খোকন। এসময় টের পেয়ে নিজের পকেটের মধ্যে খোকনের হাত চেপে ধরে অনিল মন্ডল চিৎকার দেন। পরে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাসহ লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে ধরেন। তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।
গ্রামপুলিশ সদস্য সিদ্দিকুর রহমান জানান, অভিযুক্তের বিরুদ্ধে কেউ অভিযোগ করতে রাজি না হওয়ায় সাবেক ইউপি সদস্য ও দলীয় নেতাদের সম্মতিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, বিষয়টি কেউ থানা পুলিশকে জানাননি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



















