নারীসহ আটকের পর যুবদল নেতা বহিষ্কার, জড়িত মাদক ব্যবসাতেও
- আপডেট সময় ০৭:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
নাটোরের গুরুদাসপুরে এক নারীসহ আটক হওয়ার ঘটনায় যুবদল নেতা রেজাউল করিম রেজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে যুবদল নেতা ও ওই নারীকে ১৫১ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
রেজাউল করিম রেজা উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) গভীর রাতে উপজেলার হামলাইকোল গ্রামের আদম ব্যবসায়ী বুলবুলের বাড়িতে যান রেজাউল করিম রেজা। ওই বাড়িতে বুলবুলের স্ত্রীর সঙ্গে তাকে একটি কক্ষে দেখা যায়। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাদের ঘরের ভেতর আটকে রেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীসহ যুবদল নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে কোনো মাদকের আলামত উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রেজাউল করিম রেজাকে সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ওই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া যুবদল নেতা রেজাউল করিম রেজার বিরুদ্ধেও মাদকসেবন ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে স্থানীয় অনেক মানুষ অতিষ্ঠ ছিলেন বলেও দাবি করেন কয়েকজন বাসিন্দা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক বিএনপি নেতা বলেন, ‘বিএনপির নাম ব্যবহার করে কিছু ব্যক্তি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে দল থেকে বহিষ্কার করা উচিত।’
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম মুঠোফোনে বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরে আটক অবস্থায় নারীসহ যুবদল নেতাকে উদ্ধার করে থানায় আনা হয়। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ১৫১ ধারায় নারীসহ যুবদল নেতাকে গ্রেপ্তার দেখিয়ে নাটোর সদরের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



















