নারায়ণগঞ্জে ভাবি-ভাতিজিসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো যুবক
- আপডেট সময় ০১:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকাসক্ত এক যুবক কুপিয়ে জখম করেছে ভাবি-ভাতিজিসহ পাঁচজনকে। রোববার দুপুর ২টায় ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ইসদাইর গাবতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার পর এলাকাবাসী অভিযুক্ত যুবক মালেককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আহতরা হলেন— ভাবি জানুফা (৩৮), ভাতিজি লামিয়া (৮), ভাড়াটিয়া রেনুয়ারা (৩৮), খাদিজা (১৮) ও খোকা (৫৬)।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে খোকা ছাড়া অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, মালেক মাদকাসক্ত। দুপুরে সে ভাত খেতে বাসায় আসে। এ সময় ভাবি জানুফা তাকে ফ্রেশ হওয়ার জন্য বললে ক্ষিপ্ত হয়ে ওঠে মালেক। তর্কাতর্কির একপর্যায়ে ধারালো বটি এনে ভাবির ওপর হামলা চালায়। এ সময় শিশু ভাতিজি লামিয়া এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
তাদের ডাকচিৎকারে বাড়ির ভাড়াটে রেনুয়ারা, খাদিজা ও খোকা এগিয়ে এলে মালেক তাদেরও কুপিয়ে জখম করে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা মালেককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, পারিবারিক কলহের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত মালেককে আটক করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



















