ফেনীতে ছাত্রদল নেতার ওপর হামলা, ছুরিকাঘাতে হত্যার চেষ্টা
- আপডেট সময় ০২:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৩৪ বার পড়া হয়েছে
ফেনীতে এক ছাত্রদল নেতার ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে শহরের মহিপাল এলাকায় তাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত।
গুরুতর আহত ওই ছাত্রদল নেতার নাম আবতাহি হোসেন তাহি। তিনি মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে মহিপাল এলাকায় তাহির ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলাকারীরা তার পিঠে ধারালো ছুরি গেঁথে দেয়। পরে পিঠে ছুরি বিদ্ধ অবস্থাতেই তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ও স্পর্শকাতর হওয়ায় রাতেই তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতের পারিবারিক ও দলীয় সূত্রের দাবি, খুরশিদ নামে স্থানীয় এক চিহ্নিত মাদক কারবারির নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। আহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।




















