লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ
- আপডেট সময় ০২:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্রেজারার এবং ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। রবিবার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নোবিপ্রবির ট্রেজারার পদ থেকে অব্যাহতির শর্তে আগামী চার বছর তার এই নিয়োগ কার্যকর থাকবে।
ড. মোহাম্মদ হানিফ মুরাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণিত ও ভৌত বিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তার দেশি-বিদেশী আন্তর্জাতিক জার্নালে ৩০টিরও অধিক প্রকাশনা এবং আন্তর্জাতিক মানের একটি রিসার্চ বই রয়েছে। দীর্ঘ শিক্ষাজীবনে তিনি ২০০০ সাল হতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পূর্ণকালীন শিক্ষকতাসহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের গ্রেড-০১ অধ্যাপক।
অধ্যাপনার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বহিঃস্থ পরীক্ষক হিসেবে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ (ইউজিসি) মোস্তফা বিসিআরআইসি (MoST-BCRRIC) রিসার্চ সেলের অধীনে ১০টিরও অধিক গবেষণা প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২৪ সাল হতে তিনি নিয়মিতভাবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ড. মুরাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিষ্ঠাতা শিক্ষক ও প্রতিষ্ঠাতা রিজেন্ট বোর্ড সদস্য। তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় হতে বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক পদ যেমন—প্রক্টর, প্রভোস্ট, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের ডিন এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনে ড. হানিফ মুরাদ ১৯৮৮ সালে নোয়াখালীর একমাত্র খ্রিষ্টান মিশনারি স্কুল ‘ব্রাদার অ্যান্ড্রে উচ্চ বিদ্যালয়’ এর বিজ্ঞান বিভাগ হতে প্রথম বিভাগে এবং ১৯৯০ সালে নোয়াখালী সরকারি কলেজ এর বিজ্ঞান বিভাগ হতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত সুধারাম থানার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল মান্নান এবং মরহুমা শামসুন নাহার বেগমের তৃতীয় পুত্র।
উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বলেন, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় প্রথমেই আমি সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছি। একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি, তিনি উপাচার্য নিয়োগের নথিতে আমার ব্যাপারে সদয় সম্মতি প্রদান করেছেন। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, পানি সম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যনি ভাইয়ের প্রতি।
নোবিপ্রবিতে প্রতিষ্ঠানকালীন সময় থেকেই দায়িত্ব পালন করে আসছেন ড. মুরাদ। নতুন বিশ্ববিদ্যালয়ের যাত্রার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, নোবিপ্রবিতে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দায়িত্ব পালন করে আসছি। আজকে বিশ্ববিদ্যালয়টি একটি পর্যায়ে এসে পৌঁছেছে। নোবিপ্রবিকে এই পর্যায়ে যেভাবে নিয়ে এসেছি, সেভাবে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কেও একটি উন্নত ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবো। লক্ষ্মীপুরবাসীকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং নোবিপ্রবি পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।




















