বিএনপি অফিসে ‘জয় বাংলা’ লেখায় মামলা, জেল হাজতে ছাত্রলীগ নেতা
- আপডেট সময় ০৯:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ৩৪ বার পড়া হয়েছে
ভোলার মনপুরায় দোকান ও বিএনপি কার্যালয়ের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ আরও পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরনবী ছৈয়াল।
সোমবার (৮ জুন) দুপুরে মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে বিকালে আদালতের বিচারকের নির্দেশে তাকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
মামলায় আটক ছাত্রলীগ নেতার পাশাপাশি আরও আসামি করা হয়েছে মো. শফিক, মো. শামীম, শাকিল, গিয়াস উদ্দিন, শিপন ও মালেককে। তাদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে।
আটক ছাত্রলীগ নেতার পরিবারের দাবি, দোকান ও বিএনপি কার্যালয়ের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনার সঙ্গে তাদের সন্তান জড়িত নন। তাদের অভিযোগ, কোনো ধরনের দোষ ছাড়াই তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পরিবারটির আরও দাবি, ঘটনাকালে স্বেচ্ছাসেবক দলের যে নেতা আহত হয়েছেন, তিনি নিজেদের লোকজনের লাঠির আঘাতেই আহত হন। অথচ এখন সেই ঘটনাকে কেন্দ্র করে তাদের সন্তানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে আহত ও মামলার বাদী, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরনবী ছৈয়াল দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের নেতা শফিক মিরের নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন বলে অভিযোগ করেন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে পাঠানো হয়েছে।



















