বিএনপি নেতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি যুবদল নেতার
- আপডেট সময় ১২:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চাঁদা দাবি করা সাবেক যুবদল নেতা জাকির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা শাহজাহান কবিরাজ।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান কবিরাজ উত্তর চরবংশী গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এদিন দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহজাহান কবিরাজ অভিযোগ করেন, তিনি ৫৮ শতাংশ জমি কিনে পরে বিক্রি করেছেন। এ জমি বিক্রিকে কেন্দ্র করে সাবেক যুবদল নেতা জাকির হোসেন, তার ভাই তোফাজ্জল, মুরাদ, ছিদ্দিক ও জাহেরের নেতৃত্বে একটি চক্র তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
তিনি বলেন, এলাকায় জমি বেচাকেনা হলেই ওই চক্র সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে জমির দখল নিতে বাধা দেওয়া হয় এবং প্রতিবাদ করলে হামলা-মামলার ভয় দেখিয়ে হয়রানি করা হয়।
সংবাদ সম্মেলনে শাহজাহান কবিরাজের অংশীদার মনির হাজী, খোকন ফরাজী, হাসান কবিরাজ ও কামাল আকঞ্জী উপস্থিত ছিলেন।
অভিযোগ অস্বীকার করে উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ঘটনাস্থলে তারাও জমি কিনেছেন। জমির মালিকানা নিয়ে শাহজাহান কবিরাজের সঙ্গে বিরোধ রয়েছে। চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তাকে ফাঁসানোর উদ্দেশ্যে এ অভিযোগ করা হয়েছে।
উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী বলেন, বিষয়টি মূলত জমি-সংক্রান্ত বিরোধ। চাঁদা দাবির অভিযোগের সত্যতা তিনি পাননি। এ নিয়ে উভয় পক্ষকে নিয়ে বসার কথা থাকলেও তা এখনও হয়নি।
হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মমিনুল হক বলেন, জাকির হোসেন শাহজাহান কবিরাজের বিরুদ্ধে একটি মামলা করেছেন। বিষয়টি জমি-সংক্রান্ত। তবে চাঁদা দাবির অভিযোগে শাহজাহান কবিরাজের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।













