আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আর্থিক লেনদেন নিয়ে তদন্তে এফবিআই
- আপডেট সময় ০৮:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে
আর্জেন্টিনার বিতর্কিত জয়ের পর ফুটবল বিশ্বে যখন আলোচনা-সমালোচনা চলছে, তখন নতুন করে আলোচনায় এসেছে দেশটির ফুটবল প্রশাসন। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক কার্যক্রম খতিয়ে দেখছে। প্রতিবেদন ইন্ডিয়ান এক্সপ্রেসের।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন (লা নাসিওন)-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে ফক্স স্পোর্টস মেক্সিকো জানায়, এএফএর সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন সংস্থাটির বিরুদ্ধে সম্ভাব্য অর্থপাচারের অভিযোগ তদন্তের আওতায় এসেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কীভাবে এএফএ যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার মাধ্যমে শত শত মিলিয়ন ডলার লেনদেন করেছে এবং এসব লেনদেনে যুক্তরাষ্ট্রের আইনের আওতায় কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না।
প্রতিবেদনে বলা হয়, বিদেশে এএফএর আর্থিক কার্যক্রম পরিচালনা করা ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ট্যুরপ্রডইনটার এলএলসি তদন্তের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। প্রতিষ্ঠানটির মালিক থিয়েটার ব্যবসায়ী হাভিয়ের ফারোনি।
লা নাসিওনের দাবি, তাদের হাতে থাকা নথিপত্র অনুযায়ী ফারোনি এবং তার স্ত্রী এরিকা জিলেট যুক্তরাষ্ট্রের পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে খোলা অ্যাকাউন্টের মাধ্যমে অন্তত কয়েকশ মিলিয়ন মার্কিন ডলার স্থানান্তর করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্যুরপ্রডইনটার এলএলসি-এর মাধ্যমে এএফএর প্রায় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার আয় পরিচালিত হয়েছে। তবে ব্যাংক নথি বিশ্লেষণ করে লা নাসিওনের দাবি, এই অর্থের কেবল একটি অংশেরই স্পষ্ট পরিচালনাগত ব্যয়ের তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের আগেই ক্লদিও তাপিয়া নানা বিতর্কের মুখে পড়েন। দুর্নীতির তদন্ত, দেশের ঘরোয়া লিগে অজনপ্রিয় পরিবর্তন এবং বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ বেছে নেয়ার কারণে জনমনে অসন্তোষ তৈরি হয়েছিল।
























