জাস্টিস চেয়ে এমপির বাড়ি ঘেরাও-ভাঙচুর; জামায়াতের দাবি ‘মানসিক রোগীকে কেন্দ্র করে বিএনপির ইন্ধনে মব
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৪:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ ও ভাঙচুর করার ঘটনা ঘটেছে। গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার ‘বেপরোয়া আচরণের’ অভিযোগে এ কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।
তবে জামায়াতের মিডিয়া উইংয়ের দাবি, “অনন্যা সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত। বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে মানসিক রোগে আক্রান্ত নারীর বিরুদ্ধে মব উসকে দেওয়া হচ্ছে এবং তার বাসায় হামলা চালানো হচ্ছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াজুড়ে চলছে টার্গেটেড অপপ্রচার।”
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে কর্মসূচিটি শুরু করে জনতা।
বিক্ষোভকারীদের অভিযোগ, গতকাল সোমবার গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহ’র আয়ান নামের এক শিশু শিক্ষার্থী ও রেক্সনা নামে এক নারীকে মারধর করেন অনন্যা। এতে ওই নারীর মাথা ফেটে যায়। এ ছাড়া নাসির উদ্দিন নামে এক অভিভাবকের ওপরও চড়াও হন তিনি এবং তার বাইসাইকেল ফেলে দেন। ঘটনার পর সোমবার রাতে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়। তবে আজ মঙ্গলবার সকালে মাদ্রাসা খুললে অনন্যা ফের সেখানে গিয়ে মাদ্রাসা বন্ধ করার নির্দেশ দেন। এতে অভিভাবক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টাও করেন অনেকে। এসময় কাউকে কাউকে ঢিল ছুড়ে জানালার গ্লাস ভাঙতেও দেখা গেছে।
একপর্যায়ে বিক্ষুব্ধরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কটিতে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয় এবং পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি ও র্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিক্ষোভ চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে এমপির এক স্বজন ঘটনাস্থলে এলে ক্ষুব্ধ জনতার একাংশ তার ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে।
এ বিষয়ে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের স্ত্রী শারমিন বীনা গণমাধ্যমকে জানান, তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।
তিনি আরও বলেন, “মাদ্রাসা বন্ধ থাকলেও শিশুরা বিভিন্ন সময় এখানে এসে গোলযোগ সৃষ্টি করে। আমার মেয়ে শুধু এর প্রতিবাদ করেছিল। এ ঘটনাকে কেন্দ্র করে আমাদের সাথে শত্রুতা তৈরি করা হয়েছে। এখন অহেতুক আমাদের বাড়িতে হামলা চালিয়ে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”
ঘটনার পর সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল ফেসবুক পেইজে ভিডিও বার্তায় লেখেন, “এলাকার এই মাদরাসাটিতে আড়াইশ’-তিনশ’ শিক্ষার্থী থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এলাকার সড়কটিতে সবসময় ভিড় থাকে। বিষয়টি নিয়ে কথা বলায় আমার মেয়েকে মারপিট করা হয়েছে। এরপর এলাকায় উত্তেজনা ছাড়িয়ে আমার বাড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে। আমি বলেছি, আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ। তারপরও তারা শোনেনি। তারপরও আমি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি সবাইকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সহবাস্থনের আহ্বান জানাই।”
অন্যদিকে, মেহজাবিন জান্নাত অনন্যা সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত এবং তিনি ভারতের হায়দারাবাদসহ বাংলাদেশে বিভিন্ন মনোরোগ বিশেষজ্ঞের কাছে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন বলে জামায়াত মিডিয়া উইংয়ের ফেসবুক পেইজে জানানো হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) প্লাটফর্মটির এক পোস্টে লেখা হয়, “যশোর-৪ আসনের সংসদ সদস্য জনাব গোলাম রসুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত। তিনি ভারতের হায়দারাবাদসহ বাংলাদেশে বিভিন্ন মনোরোগ বিশেষজ্ঞের কাছে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন।”
এতে আরও বলা বলা হয়, “মানসিক রোগে আক্রান্ত নারীর বিরুদ্ধে মব উসকে দেওয়া হচ্ছে এবং তার বাসায় হামলা চালানো হচ্ছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াজুড়ে চলছে টার্গেটেড অপপ্রচার।”
তাছাড়া, এই পোস্টে মেহজাবিন জান্নাত অনন্যার চিকিৎসাসংক্রান্ত কিছু নথিও প্রমাণস্বরূপ যুক্ত করা হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মাসুম খান গণমাধ্যমকে বলেন, “এমপির পরিবারের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অনাকাঙি্ক্ষত ঘটনা ঘটেছে। আমরা দুপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি।”



















