রূপগঞ্জে স্কুলে ঢুকে শিক্ষিকাকে কিল-ঘুসি, বিএনপির স্থানীয় নেতার বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ
- আপডেট সময় ১২:১৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ৪২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে তর্কের জেরে একরামুনন্নেছা নামের এক শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লার বিরুদ্ধে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার দাউদপুর এলাকায় কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
একরামুনন্নেছা কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা। অভিযুক্ত আফজাল মোল্লা দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
হামলার শিকার শিক্ষিকা একরামুন্নেছা বিউটি জানান, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিজের মতো করে করতে চান বিএনপি নেতা আফজাল মোল্লা। সেসময় তিনি বাধা দেন এবং তার সঙ্গে তর্ক-বিতর্ক হয়। সেই থেকেই তার ওপর আক্রোশ ছিল আফজাল মোল্লার।
তিনি বলেন, পূর্বশত্রুতার জেরে ঘটনার প্রতিশোধ নিতেই বুধবার দুপুরে কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে প্রবেশ করেন আবজাল। এসময় ঠুনকো অজুহাতে একরামুন্নেছার ওপর চড়াও হয়ে কিল-ঘুসি মেরে আহত করেন। এ ঘটনায় উপস্থিত শিক্ষকরা বাধা দিতে গেলে তাদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেন।
এ বিষয়ে জানতে আফজাল মোল্লার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘একরামুন্নেসা বিউটি আওয়ামী লীগের দালাল’। পরে ‘সরাসরি কথা বলব’ বলেই সংযোগ কেটে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন বলেন, এমন পরিস্থিতি তৈরি হবে আমি বুঝতে পারিনি।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বিন শফিক বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’





















