অবরুদ্ধকাণ্ডের পর অচলাবস্থার মাঝেই চুয়েট ভিসির অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেন না ৬ সদস্য
- আপডেট সময় ১২:১৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি ও কর্মকর্তা-কর্মচারীদের অসহযোগ আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় অনলাইনে আয়োজিত এ সভায় উপাচার্য শেখ শরীফুল আলম অংশ নিলেও শিক্ষক প্রতিনিধিদের ছয়জন উপস্থিত ছিলেন না।
গত ২২ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে চুয়েটে আন্দোলন চলছে। আন্দোলনের একপর্যায়ে উপাচার্যকে তার কার্যালয়ে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ ও জেলা প্রশাসনের সহায়তায় তাকে কার্যালয় থেকে বের করা হয়। এরপর অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর বৃহস্পতিবার তিনি বিশ্ববিদ্যালয়ে ফেরেন। এর পরদিনই সিন্ডিকেট সভা আহ্বান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে মোট সদস্যসংখ্যা ১৭। তবে উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদ শূন্য থাকায় বর্তমানে সক্রিয় সদস্য রয়েছেন ১৫ জন। তাদের মধ্যে ছয়জন শিক্ষক সদস্য সভায় যোগ দেননি।
সভায় অংশ নেওয়া এক সদস্য বলেন, “বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যোগাযোগের ঘাটতি দূর করার বিষয়ে আলোচনা হয়েছে।”
অনুপস্থিত সদস্যদের কেউ ছুটিতে থাকায়, কেউ মায়ের অসুস্থতার কারণে, আবার কেউ ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় সভায় যোগ দিতে পারেননি বলে জানা গেছে।
এদিকে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির ২৫তম দিনেও বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটেনি। শিক্ষার্থীদের কর্মসূচির পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের অসহযোগ আন্দোলন অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে অনিশ্চয়তা রয়ে গেছে।



















