দুর্গাপূজা ঘিরে রাষ্ট্রপতি-মন্ত্রীদের বক্তব্য ইসলামি আকিদার সঙ্গে সাংঘর্ষিক: জালালুদ্দীন আহমদ
- আপডেট সময় ১০:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি, মন্ত্রী ও সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্যে ইসলামের মৌলিক আকিদার সঙ্গে সাংঘর্ষিক অবস্থান প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, অন্য ধর্মাবলম্বীদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব; কিন্তু সম্প্রীতির নামে ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই। বিশেষ করে, রাষ্ট্রপতির বক্তব্য মুসলমানদের ইমানি মূল্যবোধে আঘাত করেছে। তাই রাষ্ট্রপতিকে অবিলম্বে তাঁর বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং তা প্রত্যাহার করতে হবে।
তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস কখনোই ধর্মীয় বিদ্বেষ সমর্থন করে না। তবে অন্য ধর্মের বিশ্বাসকে ইসলামের দৃষ্টিতে সত্য বলে স্বীকৃতি দেওয়া এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এক বিষয় নয়। এই পার্থক্য উপেক্ষা করে রাজনৈতিক বক্তব্য দেওয়া মুসলমানদের ইমানি অনুভূতিতে আঘাত করার শামিল।
জনগণের ধর্মীয় অনুভূতি ও জাতীয় আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার পরিণতি থেকে রাজনৈতিক নেতৃত্বের শিক্ষা নেওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, মুসলমানদের ইমান ও আকিদাকে রাজনৈতিক সুবিধার বিবেচনায় উপেক্ষা করে কখনো জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়।
বিবৃতির শেষ পর্যায়ে তিনি রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের বিতর্কিত বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা এবং ধর্মীয় বিষয়ে আরও দায়িত্বশীল অবস্থান গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে দেশের সব ধর্মাবলম্বীর নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা সুরক্ষার দাবিও জানান তিনি।





















