নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ এনসিপি
- আপডেট সময় ০৫:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
গাজীপুরে নিহত শ্রমিক তৌফিক হোসেন গায়েবানা জানাজা করতে গেলে এনসিপির নেতাকর্মীদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত হন গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক হোসেন (২০)। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শ্রমিকের আত্মার মাগফেরাত কামনায় বুধবার দুপুরে চান্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার আয়োজন করে এনসিপি।
জানাজা শুরুর আগে এনসিপি ও শ্রমিক শক্তির কয়েকজন নেতা বক্তব্য দেন। পরে এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তারা গায়েবানা জানাজা পড়তে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় জানাজা চালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপির নেতারা রাস্তা অবরোধ করে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজার প্রস্তুতি নেন। আমরা নিষেধ করলেও তারা শোনেননি। সড়ক অবরোধ করলে পরিস্থিতি জটিল হতে পারত। পরে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। আমরা পোশাকশ্রমিক তৌহিদ হত্যার বিচার দাবি করছি। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের গায়েবানা জানাজা পড়তে না দিয়ে হামলা করা হয়েছে।



















