যুবদল নেতাকে গালাগাল করায় পদ হারালেন ছাত্রদল নেতা
- আপডেট সময় ১২:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে
জামালপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিককে গালাগাল এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক অনিককে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কাওসার আলমকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে জামালপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনিককে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখতে মো. কাওসার আলমকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তারা দুজনই অনিকের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের পেছনে ব্যক্তিগত বিরোধকে দায়ী করেছেন অনিক। তিনি বলেন, গত ২ নভেম্বর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের একটি বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত হলেও তাকে মঞ্চে ডাকা হয়নি।
অনিকের বলেন, অনুষ্ঠানের মূল দায়িত্বে ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক। ওই দিন বিকেলে এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হন। এর পাঁচ দিন পর তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে শফিকুল ইসলাম শফিক বলেন, বিদ্যালয়ের একটি অভ্যন্তরীণ অরাজনৈতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে অনিক রাস্তায় তার সঙ্গে বেয়াদবি ও গালাগাল করেন। তিনি বলেন, ‘আমি মাফ করে দিয়েছি। কিন্তু দল বিষয়টিকে হয়তো সহজভাবে নেয়নি। তাই তাকে অব্যাহতি দিয়েছে।’



















