ধানের শীষের প্রচারণায় সুবর্ণচরে মা-মেয়ে ধর্ষণ মামলার আসামি আ’লীগ নেতা
- আপডেট সময় ০৯:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫০ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচরে চাঞ্চল্যকর মা-মেয়ে গণধর্ষণ মামলার মূলহোতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল খায়ের মুন্সি ওরফে ‘মুন্সিয়া চোরা’কে বিএনপির নির্বাচনি প্রচারণায় দেখা গেছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজারে বিএনপির নির্বাচনি কার্যালয়ে তার উপস্থিতির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) বিকালে আল-আমিন বাজারে ধানের শীষের নির্বাচনি কার্যালয়ে বসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে প্রচারণার বিষয়ে আলোচনা করছিলেন চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মুন্সি। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপিকর্মী গোপনে তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
আওয়ামী লীগের এই বিতর্কিত নেতার আকস্মিক বিএনপি প্রীতিতে খোদ বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নেতাকর্মী দাবি করছেন, ঊর্ধ্বতন নেতারা হয়তো কোনো অনৈতিক সুবিধার বিনিময়ে এমন একজন ঘৃণ্য ব্যক্তিকে দলে জায়গা দিচ্ছেন, যা দলকে জনবিচ্ছিন্ন ও বিতর্কিত করবে।
চরওয়াপদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলি উদ্দিন সেলিম এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, কে বা কারা আবুল খায়ের মুন্সিকে বিএনপির নির্বাচনি প্রচারণায় এনেছে, আমি জানি না। তবে তার মতো চিহ্নিত অপরাধী ও আওয়ামী লীগ নেতা যদি বিএনপির হয়ে প্রচারণা চালায়, তবে সাধারণ ভোটাররা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।
অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের মুন্সির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি নির্বাচনি কার্যালয়ে উপস্থিত অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের থেকেও এ ব্যাপারে কোনো সদুত্তর মেলেনি।
উল্লেখ্য, আবুল খায়ের মুন্সি সুবর্ণচরের আলোচিত মা-মেয়ে গণধর্ষণ মামলার প্রধান আসামি হিসেবে দীর্ঘ সময় কারাবরণ করেছিলেন। এছাড়াও এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।








