মুসাব্বির হত্যা মামলায় ‘শুটার’ রহিম রিমান্ডে
- আপডেট সময় ০৫:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে
স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যা মামলায় ‘শুটার’ মো. রহিমের পাঁচদিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এ মামলার আসামি রহিমকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন জানান। অপরদিকে, রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডের ওই আদেশ দেন আদালত।
রিমান্ড আবেদনে বলা হয়, এ মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া ‘শুটার’ জিন্নাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ওই জবানবন্দিতে সে জানায় যে রহিমই ভিকটিমকে গুলি করেছে। এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেও ঘটনার সত্যতা পাওয়া গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার, মূল হোতাদের চিহ্নিত এবং অর্থ লেনদেনের উৎস সন্ধানে আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
উল্লেখ, গত ৭ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে পশ্চিম তেজতুরী বাজারের হোটেল সুপার স্টারের পাশের গলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমানকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে মোসাব্বিরসহ দুজন গুলিবিদ্ধ হন। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত সুফিয়ান বেপারী মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম।
















