ময়মনসিংহে পিস্তল-দেশি অস্ত্রসহ দুই ছাত্রদল কর্মী গ্রেপ্তার
- আপডেট সময় ০৪:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশি পিস্তল ও দেশি অস্ত্রসহ ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি তাজা অ্যামোনিশন ও ২০টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার উথুরা এবং হাটুরিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে মো. কামরুল ইসলাম (৩৫) ও মো. সাব্বির (২৩)। দুজনই ছাত্রদলের সক্রিয় কর্মী। এ ছাড়া অভিযানে গ্রেপ্তারি পরোয়াভুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকেও (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।
সেনাবাহিনী ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উথুরী গ্রামের একটি বাড়িতে অস্ত্র মজুত করে রাখা রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে ভোরে সেনাবাহিনী ও পুলিশ উথুরী গ্রামের কামরুল ইসলাম ও তার ভাই সাব্বিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), ১টি ম্যাগাজিন, ১টি তাজা অ্যামোনিশন এবং একটি পিস্তল সাদৃশ্য লাইটারসহ ২০টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মো. সাব্বির ও তার ভাই কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে গ্রেপ্তারি পরোয়াভুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুললাহ্ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া।


















