পটুয়াখালীতে জামায়াতের মিছিলে বিএনপির হামলা, আহত ১৫
- আপডেট সময় ০৯:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফল উপজেলায় জামায়াতের মিছিলে হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে জামায়াতের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। এদিকে বিএনপির একজন আহত হয়েছে বলে দাবি বিএনপির নেতাকর্মীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির দুইপক্ষ আলাদা মিছিল বের করলে একপর্যায়ে তারা মুখোমুখি হয়ে পড়ে। এ সময় জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জামায়াতের অন্তত ১৫ জন আহত হন। এছাড়া বিএনপির একজন আহত হয়েছে বলে জানিয়েছে তাদের নেতারা।
পরে আহতদের ট্রলারযোগে চন্দ্রদ্বীপ থেকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামায়াতের প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করে বলেন, আমার কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপির লোকজন হামলা চালায়। এতে আমার ১৫ জন কর্মী আহত হয়েছেন।
অন্যদিকে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার বলেন, তারা আমার একজন কর্মীকে কুপিয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে আছেন। এ বিষয়ে এখন এর বেশি কিছু বলতে পারব না।
আহতদের হাসপাতালে নেয়ার পর সেখানে জামায়াত ও বিএনপির সমর্থকদের অবস্থানকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হাসপাতাল চত্বরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, চন্দ্রদ্বীপে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
নদী ও সাগরবেষ্টিত বিচ্ছিন্ন দ্বীপ চন্দ্রদ্বীপ ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে ছোটখাটো উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।



















