সাভারে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ০৬:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪২ বার পড়া হয়েছে
সাভারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গালিব ইমতিয়াজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সাভারের চাপাইন রোডের তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্প।
গ্রেপ্তারকৃতরা হলেন- গালিব ইমতিয়াজ নাহিদ, মাসুদ রানা আলভি এবং রবিউল আউয়াল বাবু। এর মধ্যে গালিব ইমতিয়াজ নাহিদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
সেনাবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার নাহিদ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। অভিযানের সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৩টি দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগেও ২০১০ সালের মে মাসে সাভারের একটি আবাসিক হোটেল থেকে গালিব ইমতিয়াজ নাহিদকে আটক করেছিল র্যাব। সে সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।



















