ধানের শীষ হাতে চলচ্চিত্র শিল্পীদের এডিটেড ছবি প্রচার
- আপডেট সময় ০২:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
সম্প্রতি ফেসবুকে দুটি ছবি ছড়িয়ে দাবি করা হয়, চলচ্চিত্র শিল্পীরা ধানের শীষের প্রচারে মাঠে নেমেছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ছবিগুলো পুরোনো এবং মূল ছবিগুলোতে শিল্পীদের কারও হাতে বিএনপির প্রতীক ধানের শীষ ছিল না। মূল ছবি সম্পাদনা করে শিল্পীদের সঙ্গে ধানের শীষ যোগ করে ছড়ানো হচ্ছে।
ফ্যাক্টচেকে দেখা যায়, ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ৮ ফেব্রুয়ারি একটি ছবি পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশন ছিল, “চলচ্চিত্রে শিল্পীরা ধানের শীষের প্রচারে মাঠে নেমেছে।” ছবিটিতে একাধিক চলচ্চিত্র শিল্পীকে ধানের শীষ হাতে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়। শিল্পীদের মাঝে দেখা যায় রিয়াজ, মিশা সওদাগর, জায়েদ খান, ইমন, সুব্রত চক্রবর্তীকে। অভিনেতা সাইমন সাদিককে সেলফিটি তুলতে দেখা যায়। শিল্পীদের পিছনে একটি ট্রাক সদৃশ যানবাহন দেখা যায়, সেই যানবাহনে বেশ কিছু বস্তা দেখা যায়। বস্তাতেও ধানের শীষ দেখা যায়। ছবির ভেতরে “মুসলিমা আক্তার” লেখা। পাশাপাশি ফেসবুকে “অনলি ফর সবুজ” নামের একটি পেজ থেকেও একই দিনে ছবিটি একই দাবিতে পোস্ট করা হয়।
ডিসমিসল্যাব ছবিটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করলে প্রথম আলোর ২০১৭ সালের ৬ মে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের শিরোনাম ছিল, “সবাইকে টপকে গেলেন সাইমন।” প্রতিবেদনে বলা হয়, “শিল্পী সমিতির এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে রেকর্ড গড়লেন এই নায়ক। তিনি সর্বোচ্চ ৩৬১ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৫৭ জন। ভোটার ছিলেন ৬২৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৫৮ জন।”
প্রথম আলোর এই প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে ছড়িয়ে পড়া ছবিটির হুবহু মিল রয়েছে। প্রতিবেদনে ছবিটির ক্যাপশন হিসেবে লেখা হয়েছে, “এফডিসিতে সাইমনের সেলফিতে বাঁ থেকে জায়েদ খান, মিশা সওদাগর, রিয়াজ, ইমন ও সুব্রত।” এই ছবিতে চলচ্চিত্র শিল্পীদের কারও হাতেই ধানের শীষ দেখা যায় না। এছাড়া শিল্পীদের পিছনে আরও কিছু ব্যক্তিদের দেখা যায় এবং তাদের পেছনে একটি সাদা গাড়ি ছিল। একাধিক গণমাধ্যমের প্রতিবেদনেও ছবিটি পাওয়া যায়।
এ ছাড়া “অনলি ফর সবুজ” পেজ থেকে ৮ ফেব্রুয়ারি আরেকটি ছবি পোস্ট করা হয়। এই ছবিতে চলচ্চিত্র শিল্পী রিয়াজ, বাপ্পারাজ, মিশা সওদাগর, জায়েদ খানসহ অনেককেই দেখা যায়। ছবিটির ক্যাপশনে লেখা, “এই প্রথমবার দেখলাম চলচ্চিত্র শিল্পীরা সব একসঙ্গে ধানের শীষের প্রচারে মাঠে নেমেছে।” এই ছবিতেও একাধিক শিল্পীর হাতে ধানের শীষ দেখা যায়। এবং ছবির ভেতর “অনলি ফর সবুজ” লেখা।
ছবিটির সত্যতা যাচাই করতে ডিসমিসল্যাব রিভার্স ইমেজ সার্চ করলে চলচ্চিত্র অভিনেতা সাইমন সাদিকের ভেরিফায়েড ফেসবুক পেজে গত বছরের ১৯ আগস্ট পোস্ট হওয়া একটি ছবি পাওয়া যায়। ক্যাপশনে লেখা, “কেউই কারো না ”। এই ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ছবিটির হুবহু মিল রয়েছে। তবে এই ছবিতে থাকা কোনো শিল্পীর হাতেই ধানের শীষ দেখা যায়নি। ফেসবুকে “চ্যানেল ঢাকা ২.০” নামের একটি পেজ থেকেও ছবিটি পোস্ট করা হয়েছিল গত ২ ফেব্রুয়ারি।
অর্থাৎ, ছবিগুলো পুরোনো এবং মূল ছবিগুলো সম্পাদনা করে শিল্পীদের সঙ্গে ধানের শীষ যোগ করে ছড়ানো হচ্ছে।



















