মেঘনার তীরে মিলল সাবেক ইউপি সদস্যের লাশ
- আপডেট সময় ০৪:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদী সংলগ্ন এলাকা থেকে আমীর হোসেন (৪২) নামের এক সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ধরাভাঙ্গা এমপি টিলা এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমীর হোসেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তিনি মূলত রায়পুরার চরমধুয়া ইউনিয়নের গাজৌপুর গ্রামের বাসিন্দা হলেও ছোটবেলা থেকেই বাঁশগাড়ী ইউনিয়নের দিগল্যাকান্দি (বদলবাড়ি) গ্রামে মামার বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতেন।
নবীনগর থানা পুলিশ ও সলিমগঞ্জ ফাঁড়ি সূত্রে জানা যায়, গভীর রাতে নদীর পাড়ে এক ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
লাশের সুরতহাল প্রতিবেদন সম্পর্কে সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই সুনীল চন্দ্র সূত্রধর জানান, উদ্ধারকৃত ব্যক্তির মাথা এবং শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে নির্মমভাবে আঘাত করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশি তথ্যানুযায়ী, নিহত আমীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় ৫টি মামলা রয়েছে।



















