জুলাই গণহত্যার মামলায় সাবেক এমপি বদির জামিন
- আপডেট সময় ০৫:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭১ বার পড়া হয়েছে
বগুড়ায় দায়ের করা জুলাই-আগস্টে হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে বদির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান। তিনি বলেন, আবদুর রহমান বদির বাড়ি কক্সবাজারে কিন্তু তাকে বগুড়ায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে। আদালত এই গ্রাউন্ডে তাকে জামিন দিয়েছেন।
এর আগে, ২০২৪ সালের ২০ আগস্ট হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুর রহমান বদি।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি দুই দফায়ই সংসদ সদস্য নির্বাচিত হন।



















