নিমের মাজনে নেই নিম, জামায়াত নেতার কারখানা সিলগালা
- আপডেট সময় ১০:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে এক জামায়াত নেতার কারখানায় অভিযান চালিয়ে নিমের মাজনে নিম ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের জন্য প্রতিষ্ঠানটিতে সিলগালা এবং ৩ লাখ টাকা জরিমানা করেছেন টাস্কফোর্সের সদস্যরা। কারখানাটির মালিক নজরুল ইসলাম সদর উপজেলার কাওয়াকোলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও এই ইউনিয়ন জামায়াতের আমির।
সোমবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়ার মারার ওষুধ কারখানায় এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধের নামে কারখানা হলেও সেখানে হারপিক ও কয়েল প্রস্তুত করা হতো। অথচ প্রস্তুতকারীর জায়গায় নজরুল ইসলামের কোম্পানির নাম লেখা ছিল। এ ছাড়াও নিমের মাজনে নিম ব্যবহার করতেন না এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া গরু ও হাঁস-মুরগির ওষুধ উৎপাদন করতেন।
পণ্যগুলোতে মেয়াদ উত্তীর্ণ তারিখ লেখা ছিল না। এসব অভিযোগের কারণে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানকালে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাবের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।






















