মহিলা জামায়াতের ইফতার আয়োজনে বাধা
বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ৯, নিহত ১
- আপডেট সময় ১১:৪৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৯ জন এবং আহত তরু মিয়া (৫০) নামের এক বিএনপিকর্মীর মৃত্যু হয়েছে। উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত তরু মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে শুক্রবার মহিলা জামায়াতের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। এই ইফতার মাহফিল সফল করার জন্য বেলা ১১টার দিকে জামায়াতের গান্না বাজার শাখার আমির তৈয়বুর রহমানের বাড়িতে নারী কর্মীদের বৈঠক চলছিল। এ সময় স্থানীয় বিএনপির লোকজন সেখানে উপস্থিত হয়ে ইফতার মাহফিল করতে বাধা দেয়। তখন জামায়াতের নারী কর্মীদের সঙ্গে তারা তর্কে জড়িয়ে পড়ে। পরে তর্কের একপর্যায়ে স্থানীয় বিএনপির লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। পালটা প্রতিরোধ গড়ে তোলে জামায়াত কর্মীরা। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়।
এদিকে বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আহত তরু মিয়ার মৃত্যু হয়েছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় তারা লাঠিসোটা নিয়ে জামায়াত সর্মথকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে অন্তত ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আহত হয় আরও একজন।
নিহত তরু মিয়া বিএনপি কর্মী বলে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু। তিনি ঘটনার জন্য জামায়াতকে দায়ী করেছেন। এছাড়া হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিও জানান তিনি।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর সদর হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে যান। এ সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।



















