স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি, যুবদল নেতা বহিস্কার
- আপডেট সময় ০১:৪৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
টেন্ডারে পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে বহিস্কার করেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে হাসানুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সর্ম্পক না রাখার নিদের্শনা এবং আইনশৃঙ্ক্ষলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহবানও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য , গত মঙ্গলবার পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব’র কক্ষে গিয়ে যুবদল নেতা হাসানুর রহমান হুমকি দেন। পর দিন বুধবার এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী করে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা। ঘটনাটি প্রকাশ্যে আসলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ পায়।


















