কেন্দ্রে ঢুকে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, যুবদল নেতা গ্রেপ্তার
- আপডেট সময় ০৪:০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ১৫২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার যাদুরানী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩৫–৪০ জনকে আসামি করে মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষা চলাকালে একদল ব্যক্তি হঠাৎ করে সেখানে প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করে।
অভিযোগ রয়েছে, তারা জোরপূর্বক পরীক্ষার খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে পরীক্ষাকেন্দ্রে আতঙ্ক সৃষ্টি হয় এবং নিয়োগ কার্যক্রম ব্যাহত হয়।
ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসন ও পুলিশকে অবহিত করে। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন-সহ ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে অজ্ঞাত আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে শরীফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




















