পে-স্কেল আদায়ে লাগাতার আন্দোলনের পরিকল্পনা সরকারী কর্মকর্তাদের
- আপডেট সময় ০৯:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
নবম জাতীয় পে-স্কেল আদায়ে নতুন করে একগুচ্ছ আন্দোলনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। লাগাতার অবস্থান কর্মসূচি, পূর্ণ দিবস কর্মবিরতির মতো কঠিন কর্মসূচিও রয়েছে এ পরিকল্পনায়।
সম্প্রতি পে-স্কেল নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব পরিকল্পনার কথা জানান বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব আশিকুল ইসলাম।
তিনি বলেন, ‘বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেক সংগঠন রয়েছে। এই সংগঠনগুলো বিক্ষিপ্তভাবে দাবি বা আন্দোলন করার কারণে পে-স্কেলের দাবিটি জোরালোভাবে সরকারের কাছে পৌছাচ্ছে না। এজন্য সবগুলো সংগঠনকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। এর ফলে সরকারের উপর চাপ তৈরি হবে। দাবি আদায় সহজ হবে। এজন্য আমরা সবগুলো প্ল্যাটফর্ম একত্রিতভাবে আন্দোলনে নামতে হবে।’
আশিকুল ইসলাম জানান, পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে যুক্ত বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এটিও আমাদের আন্দোলনের পরিকল্পনার অংশ।’
কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির এ নেতা জানান, পে-স্কেল আদায়ে প্রয়োজন হলে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। এছাড়া গণ অবস্থান, লাগাতার অবস্থান কর্মসূচিও ঘোষণা করা হতে পারে। একইসঙ্গে সারা দেশে একযোগে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান, মানববন্ধন কর্মসূচি পালন করা হতে পারে।’
তিনি আরও বলেন, ‘সংবাদ সম্মেলনের মাধ্যমে পে-স্কেলের দাবির বিষয়টি সরকারের নজরে আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমগুলো অধিক প্রচারণার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আমাদের দাবির পক্ষে জনমত তৈরি করা যাবে।’


















