ভোলায় বিএনপি কার্যালয়ে আগুন
- আপডেট সময় ০৪:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে
ভোলার দৌলতখান উপজেলায় বিএনপির নেতাকর্মীদের একটি ভাড়া কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) গভীর রাতে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাফিজ ইব্রাহিম সমাজসেবা পরিষদ নামক ওই কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ তারা আগুনের ধোঁয়া ও শিখা দেখতে পেয়ে দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় আগুনে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দাস জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















