চাঁদা দিতে অস্বীকার করায়
ফিল্মি কায়দায় তুলে নিয়ে যুবদল নেতার হাত-পা ভাঙলেন বিএনপি নেতা
- আপডেট সময় ১২:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ সদরে চাঁদা না দেওয়ায় যুবদল নেতা বাবুল মিয়াকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। আহত বাবুল মিয়া লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। অপরদিকে অভিযুক্ত বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াক কে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবুল মিয়া জানান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তার লোকজন দিয়ে নিঝুম রেস্টুরেন্ট থেকে ফিল্মি কায়দায় তুলে নিয়ে যায়। এরপর একটি নির্জন স্থানে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয় ।
বাবুল মিয়ার অভিযোগ, শহীদ তার দোকানে এসে ৬ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করেন। বিষয়টি থানায় অবহিত করেন তিনি। এর জের ধরে তাকে তুলে নিয়ে পিটানো হয়।
এঘটনায় মঙ্গলবার রাতে বাবুলের বাবা মো. হাদিস মিয়া বাদী হয়ে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে শহীদুল ইসলাম শহীদ বলেন, তার সঙ্গে বাবুলের কোনো বিরোধ নেই এবং তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভুঁইয়া বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।










