সাইক্লোন শেল্টারের রড চুরি করে হাজতে বিএনপির দুই কর্মী
- আপডেট সময় ০১:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড চুরির ঘটনায় দুই বিএনপিকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ০১ এপ্রিল (বুধবার) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদার এবং একই গ্রামের মৃত লুৎফর চৌকিদারের ছেলে ইব্রাহীম চৌকিদার।
দুপুরে তাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, সম্প্রতি উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় সাইক্লোন শেল্টার নির্মাণকাজের ঠিকাদার আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করে। একপর্যায়ে চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রথমে সুমন ও ইব্রাহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
তারা বিএনপির সক্রিয় কর্মী বলে জানিয়েছে স্থানীয় একাধিক সূত্র। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মজিবর রহমান নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী এ চুরির ঘটনার সঙ্গে ওই এলাকার আরো বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত বলে জানা গেছে। তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।












