মাছ চুরির অভিযোগে গণপিটুনির পর উপড়ে ফেলা হলো চোখ
- আপডেট সময় ০৮:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোল্লাহাটে মাছ চুরির অভিযোগে শুকুর আলী মৃধা নামে এক ব্যক্তিকে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে। এ সময় তার দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার চুনখোলা এলাকার সাহিদের মোড়সংলগ্ন একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
আহত শুকুর আলী মৃধা উপজেলার কাঁচনা গ্রামের মোসলেম আলী মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৫ এপ্রিল) রাতে চুনখোলার সাহিদের মোড় এলাকায় একটি মাছের ঘের থেকে মাছ চুরির সময় শুকুর আলীকে আটক করা হয়। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করে আটকে রাখে। সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার ওপর আরও নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলা হয়েছে বলে জানা গেছে।
পরে গুরুতর আহত অবস্থায় শুকুর আলীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



















