আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন
- আপডেট সময় ১১:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে যুবদলের দুপক্ষের সংঘর্ষে এক যুবদলকর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে পাল্টা হামলায় আরো একজন আহত এবং কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোতোয়ালির বলুয়ার দিঘীরপাড় ও বাকলিয়ার বউবাজার এলাকায় দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। আহত যুবদলকর্মীর নাম মিনহাজ। তিনি মাস্টারপুল এলাকার মৃত মিজানের ছেলে এবং জাকির গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, মিনহাজ আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে বলুয়ার দিঘীরপাড় এলাকায় অতর্কিতভাবে হামলার শিকার হন। হামলায় ধারালো অস্ত্র দিয়ে তার একটি হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে পাল্টা হামলা শুরু হয়। দক্ষিণ বাকলিয়ার বউবাজারের আহমদুর রহমান সড়কের মজিদ সওদাগরের মসজিদসংলগ্ন এলাকায় মিনহাজের অনুসারীরা আরমান প্রকাশ এঞ্জেলের বাড়িতে ভাঙচুর করেন। এ সময় আরমান একটি বাড়িতে ঢুকে রক্ষা পান। তিনি বউবাজার এলাকার মৃত রফিকের ছেলে এবং সবুজ গ্রুপের অনুসারী।
পুলিশ জানিয়েছে, বলুয়ার দিঘী এলাকা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি ও বাকলিয়া থানার সীমানার মধ্যে পড়ায় উভয় থানার পুলিশ তদন্ত শুরু করেছে। উত্তেজনা নিয়ন্ত্রণের জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এর আগে গত ৫ এপ্রিল বাকলিয়া থানার মিয়া খান নগর ময়দার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হন। এ ঘটনায় পাঁচজনকে আটক করে পুলিশ।
চট্টগ্রাম নগর (দক্ষিণ) পুলিশের উপকমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূধঁইয়া বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। জড়িতদের ধরতে অভিযান চলছে।



















