সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট, জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার
- আপডেট সময় ১২:৫৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
ভোলার সদর এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে সমালোচনা করে পোস্ট করার অভিযোগে বিবি সাওদা (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গ্রেপ্তারকৃত ওই নারী জামায়াতের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি ছড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছিলেন।
সাইবার অ্যাক্ট মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দলটির নেতাকর্মীরা।
নথী সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি দল গত ৫ এপ্রিল রাতে ভোলা সদর মডেল থানাধীন ওয়েস্টার্ন পাড়া এলাকায় অভিযান চালিয়ে ‘জম জম টাওয়ার’-এর ৩য় তলার একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে। এসময় তার থেকে একটি ‘Redmi Note 9’ স্মার্টফোন জব্দ করা হয়, যা তিনি পোস্ট দেওয়ার কাজে ব্যবহার করতেন।
মামলার এজাহারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মোঃ জুয়েল হোসেন খান বলেন, আসামীর মোবাইল ফোন এবং ফেসবুক আইডি পর্যালোচনা করে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গত ৬ এপ্রিল আদালতে সোপর্দ করা হয়েছে এবং অধিকতর তদন্তের জন্য জেল হাজতে প্রেরণের আবেদন করা হয়েছে।
গ্রেফতারের পর সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ভোলা জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। এ ঘটনায় অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। তবে অতীতে এ ধরনের আইনের অপব্যবহার করে বাকস্বাধীনতা দমন করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী গণতান্ত্রিক পরিবেশে মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ থাকার কথা থাকলেও, ভোলার এই গ্রেপ্তার সেই প্রত্যাশার পরিপন্থি। কোনো ধরনের সুনির্দিষ্ট দালিলিক প্রমাণ ছাড়াই তাকে আটক করা হয়েছে।
এ সময় গ্রেপ্তারকৃতের পারিবারিক পরিস্থিতির কথাও তুলে ধরা হয়। বলা হয়, বিবি সাওদার তিন বছর বয়সী একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে, যার দেখভালের জন্য মায়ের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও তা উপেক্ষা করা হয়েছে।



















