বিএনপিকে উদ্দেশ্য করে বদিউল আলম মজুমদার
নির্বাচনে দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে, পুরনো পথেই হাঁটছে তারা
- আপডেট সময় ০৪:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
যে প্রক্রিয়ায় শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে, সেই প্রক্রিয়া ও সেই প্রতিষ্ঠান অব্যাহত থাকলে আবারও একই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘পুরোনো পদ্ধতিতে হাঁটলে নতুন গন্তব্যে পৌঁছানো যাবে না, এটা সুস্পষ্ট… মনে হচ্ছে, যেন বিএনপি পুরোনো পথেই হাঁটছে।’
আজ মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেন অপরিহার্য?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বদিউল আলম মজুমদার এ কথা বলেন। বৈঠকটি আয়োজন করে সুজন। এতে রাজনৈতিক বিশ্লেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে বদিউল আলম মজুমদার বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য। কারণ, আমরা পুরোনো পথে হাঁটতে চাই না। আবারও স্বৈরাচারী ব্যবস্থা দেখতে চাই না।’
বিএনপি জুলাই জাতীয় সদন বাস্তবায়ন করছে না বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। সাবেক অন্তর্বর্তী সরকারের গঠন করা জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, ‘তারা (বিএনপির সংসদ সদস্য) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। অনেকগুলো অধ্যাদেশ নিয়ে টালবাহানা করছে। গুরুত্বপূর্ণ বেশ কিছু অধ্যাদেশ বাতিল করছে। এর কারণ জাতীয় নির্বাচনে দুই–তৃতীয়াংশ ভোট পাওয়া কি না—সেই প্রশ্নও রাখেন তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচনে দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তাদের (বিএনপি) মাথা খারাপ হয়ে গিয়েছে। অতীতের ইতিহাস বলে, টু থার্ড মেজরিটি নিয়ে কিংবা তার বেশি নিয়ে যারাই ক্ষমতায় এসেছে, তারা নিজেদের জন্য কল্যাণ বয়ে আনে নাই। জনগণের জন্যও কল্যাণ বয়ে আনে নাই।’
বদিউল আলম মজুমদার আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য। কারণ, এটি জনগণের রায়ের পক্ষে এবং এটাই শেষ কথা। এতে কোনো যদি বা কিন্তুর সুযোগ নাই।
বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক বিচারপতি এম এ মতিন। আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী, নাগরিক কোয়ালিশনের সহ–আহ্বায়ক ফাহিম মাশরুর প্রমুখ।



















