বিএসএফের গুলিতে পাটগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবক নিহত
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ১২:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ৩৪ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্প এলাকায় রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে এক রাউন্ড এবং ভোর ৪টা ৫০ মিনিটে আরও এক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।
পরে সকাল আনুমানিক ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, ৭-৮ জন বাংলাদেশী নাগরিক ভারতীয় সীমান্তে তারকাঁটা বেড়া কাটার উদ্দেশ্যে গেলে তাদের লক্ষ্য করে প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
এতে মো. আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশী গুলিবিদ্ধ হন। তিনি পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি ইউনিয়নের পূর্ব পানিয়ারটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ সদস্যরা তাকে তাদের হেফাজতে নিয়ে ভারতীয় হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর বিষয়টি বিস্তারিতভাবে যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে বিজিবি। পাশাপাশি ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।



















