মিরসরাইয়ে ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিড়ে পথচারী নিহত, আহত ৩
- আপডেট সময় ০১:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ৩৭ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিড়ে আশরাফ (১৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশরাফ মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার পেয়ারুল হকের ছেলে। আহতরা হলেন—সোহাগ (২০), রাসেল (৩২) এবং নুরুল আমিন (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কে যান চলাচল ধীরগতির থাকায় প্রথমে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এরপর ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় স্টিলের বান্ডেলবাহী একটি ট্রাক। পরে ট্রাকটির পেছনে আরো একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে চারটি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।
এসময় ট্রাকে থাকা প্রায় পাঁচ টন ওজনের স্টিলের বান্ডেল ছিঁড়ে পড়ে একটি কাভার্ডভ্যানের ওপর। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক সিটে আটকা পড়েন। একই সময়ে রাস্তা পারাপারের সময় এক পথচারী দুর্ঘটনার মধ্যে পড়ে গুরুতর আহত হন।
পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দু’জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় পথচারী আশরাফের মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক পথচারীর মৃত্যু হয়।






















