বিএনপির দলীয় কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের গুলিতে বাবা গুলিবিদ্ধ
- আপডেট সময় ০৯:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ৩৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় বাবা-ছেলের দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ, গুলি, দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই সময় ছেলের গুলিতে বাবা খোকা মিয়া গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছে। আহত খোকা মিয়া উপজেলার জমিরদিয়া মাস্টার বাড়ি এলাকার আব্দুল মিয়ার ছেলে। রোববার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামিরদিয়া নারিশ কোম্পানির গেইট এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা খোকা মিয়া ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থক ছিলেন। অপরদিকে ছেলে রানা মিয়া ছিলেন স্বতন্ত্রপ্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের সমর্থক। এ নিয়ে নির্বাচনের সময় থেকেই বাবা ছেলের মাঝে বিরোধ চলে আসছিল। যার ফলে বন্ধ দীর্ঘ দিন নারিশের মোড়ের বিএনপি কার্যালয় বন্ধ।
রোববার দুপুর আড়াইটার দিকে বন্ধ কার্যালয় খোলে বসেন ছেলে রানা মিয়া। টের পেয়ে খোকা মিয়া কার্যালয় বন্ধ করতে বলেন। এ নিয়ে বাবা ছেলের মাঝে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছেলে রানা মিয়া বাবাকে লক্ষ করে গুলি চালান ও তার সঙ্গীরা বাবা খোকা মিয়ার সঙ্গে আসা লোকজনকে কুপিয়ে পিটিয়ে আহত করে। দলীয় কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার টেবিল ভাঙচুরের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় গুলিবিদ্ধ খোকা মিয়াকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকরা। খোকা মিয়া বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বাবা ও ছেলের মাঝে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দু’জন আহত হয়েছে। তাদের মাঝে খোকা মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


















