অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, ছাত্রদল নেতাকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৬:১৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ৫০ বার পড়া হয়েছে
সারা দেশে চলমান জ্বালানি সংকটের মাঝে নাটোরের গুরুদাসপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে অর্ধশত গাড়ির বহর নিয়ে শোডাউন করেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক। যে ঘটনা নিয়ে আলোচনা ছড়িয়ে পড়লে ওই নেতাকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
রোববার (১২ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় অর্ধশত হাইয়েস ও প্রাইভেটকারের একটি বিশাল বহর বের হয়।
এরপর সোমবার সকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। নিজের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের লক্ষ্যেই তিনি এই গাড়িবহরের আয়োজন করেন।
দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে জ্বালানি সাশ্রয়ে সরকার বিভিন্ন সাশ্রয়ী নীতি মেনে চলছে। অথচ, এমন সংকটময় সময়ে ছাত্রদল নেতার এমন কর্মকাণ্ড সমালোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মাসুদ রানা প্রামাণিক বলেন, ‘জ্বালানি সংকট শুরু হওয়ার আগেই শো-ডাউনে অংশ নেওয়া গাড়িগুলোকে অ্যাডভানস করা ছিল। এটা ঈদের আগে রোজার মাসে করার কথা ছিল। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। ঈদের পরে গাড়ি চালকদের ভাড়ার চাপ কম থাকায় তারাও বলছিল এখন প্রোগ্রামটা করলে তাদের জন্যও ভালো হয়। সেকারণেই আজকে প্রোগ্রামটা করা। তাছাড়া শো-ডাউনে বেশিরভাগই এলপিজি ও সিএনজি চালিত গাড়ি ছিল।’
এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, ‘বিষয়টি আমিও দেখেছি। দেখে আমি তাকে কল দিয়েছিলাম সে কল ধরে নাই। বর্তমান জ্বালানি সংকট পরিস্থিতিতে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী গাড়ি ব্যবহার করছেন না। সেখানে এতোগুলো গাড়ি ব্যবহার করা এটি নিঃসন্দেহে অন্যায় হয়েছে। আমরা কেন্দ্রকে বিষয়টি অবগত করব। কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া গেলে অবশ্যই তা নেওয়া হবে।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাটোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, ‘সংকটকালীন সময়ে সরকারি দল বা যারা দায়িত্বশীল জায়গায় আছে সংকট উত্তরণে তাদের সবার আগে এগিয়ে আসা বা কাজ করা উচিত। সেখানে ছাত্রদল নেতা যেটা করেছে সেটা একদমই কাণ্ডজ্ঞানহীন একটি কাজ করেছে। স্থানীয় মিডিয়াকে ডেকে এ ধরনের কার্যক্রম লাইভ সম্প্রচার করা হয়েছে, যা অন্যদেরও একই ধরনের কাজে উৎসাহিত করতে পারে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
এদিকে, দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অর্ধশত গাড়ি নিয়ে নির্বাচনি শোডাউন করে ব্যাপক সমালোচনার মুখে পড়া নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সোমবার সকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলা শাখার অধীনস্থ গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
























