অসচ্ছল মেধাবীদের ছায়া হতে যবিপ্রবিতে ‘শেখ মিজানুর-ফিরোজা পারভিন’ শিক্ষা কল্যাণ ট্রাস্ট গঠন
- আপডেট সময় ০৭:৪৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে
অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষা কল্যাণ ট্রাস্টে ৫০ লাখ টাকা অনুদান দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান ও তার সহধর্মিণী ফিরোজা পারভিন।
তিনি ও তার সহধর্মিণীর নামে বিশ্ববিদ্যালয়ে ‘প্রফেসর ড. শেখ মিজানুর রহমান ও ফিরোজা পারভিন শিক্ষা কল্যাণ ট্রাস্ট’ গঠনের লক্ষ্যে ৫০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।
আজ রবিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের কাছে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান ও তার সহধর্মিণী। এই ট্রাস্ট ফান্ডের মূল টাকা স্থায়ী আমানত হিসেবে গচ্ছিত থাকবে এবং এই আমানত থেকে প্রাপ্ত লভ্যাংশ হতে প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
ট্রাস্ট ফান্ডের চেক হস্তান্তরকালে অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান বলেন, আমার ও আমার সহধর্মিণীর দীর্ঘ দিনের নিয়ত ও ইচ্ছা ছিল এই বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে একটি শিক্ষা কল্যাণ ট্রাস্ট গঠন করা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক সহযোগিতায় আজ সেই নিয়ত পূরণ হয়েছে। এজন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছোটবেলা থেকেই বিভিন্ন সমাজসেবা কাজে জড়িত ছিলাম। আজ নিজের শিক্ষার্থীদের জন্য ট্রাস্ট ফান্ড গঠন করতে পেরে খুব ভালো লাগছে। আশা করি আমাদের শিক্ষক, অ্যালামনাইরাও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। শিক্ষার্থীদের মধ্যে কারও যেন আর্থিক কারণে পড়াশোনা বাধাগ্রস্থ না হয়, আমাদের সকলের সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদেরই।
যবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যবিপ্রবির ইতিহাসে একজন শিক্ষকের ব্যক্তিগত অর্থায়নে শিক্ষা কল্যাণ ট্রাস্ট গঠন এটিই প্রথম। অধ্যাপক মিজানের এই ত্যাগ ও মহতী উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। এই অর্থ দিয়ে অনেক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করা সম্ভবপর হবে। এর ফলে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা বৃত্তি লাভ করে তাদের পড়ালেখা ও গবেষণায় আরও মনোযোগী হতে পারবে বলে আমি মনে করি।
চেক হস্তান্তরের এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমানের সহধর্মিণী ফিরোজা পারভিন, ডিন’স কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইমরান খান, রেজিস্ট্রার মো. কাজী জালাল উদ্দীন ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরীন নিগার। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন ও সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে জিইবিটি বিভাগে শিক্ষকতা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বর্তমানে তিনি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।





















