সারাদেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন
- আপডেট সময় ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
সারাদেশে উদ্ভূত উদ্বেগজনক পরিস্থিতি এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাবলির প্রেক্ষিতে শান্তিপূর্ণ প্রতিবাদ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণভাবে ও সচেতনতা বৃদ্ধিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পরে অনুষ্ঠিত মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত থেকে এ শান্তিপূর্ণ প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। মৌন মিছিল শেষে যবিপ্রবি উপাচার্য দেশে বিরাজমান অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক পরিস্থিতি নিরসনে সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
























