গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলবে অনলাইনে
- আপডেট সময় ০৪:০০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্লাস অনলাইনে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ছেলে ও মেয়েদের দুটি হলে ডাইনিং চালু রাখা হবে বলে জানানো হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ নভেম্বর সন্ধ্যায় ভিসির সভাপতিত্বে প্রো-ভিসি, রেজিস্ট্রার ও প্রক্টরের উপস্থিতিসহ ডিনস কমিটির সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সময় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় এনে অনলাইনে ক্লাস কার্যক্রম চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও দপ্তরের দাপ্তরিক কার্যক্রমও চলমান থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের মধ্যে ছেলে শিক্ষার্থীদের জন্য একটি এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য একটি হলের ডাইনিং চালু থাকবে বলে জানানো হয়েছে।
এ সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। উপাচার্যের (ভিসি) নির্দেশক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি জারি করা হয়।



















