প্রান্তিক খামারিদের বিনামূল্যে চিকিৎসাসেবা অব্যাহত রাখবে হাবিপ্রবি: উপাচার্য
- আপডেট সময় ০৭:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
প্রান্তিক খামারিদের জন্য বিনামূল্যে পশুচিকিৎসাসেবা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্যা। তিনি বলেছেন, শুধু এক দিনের ক্যাম্প নয়, খামারিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ভবিষ্যতেও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করবে বিশ্ববিদ্যালয়।
সোমবার (১৬ নভেম্বর) দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা-সংলগ্ন ঈদগাহ মাঠে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ক্যাম্পের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল (ভিটিএইচ)।
উপাচার্য বলেন, “প্রান্তিক খামারিদের চিকিৎসাসেবা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব। শুধু এক দিনের ক্যাম্প নয়, খামারিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ভবিষ্যতেও বিনামূল্যে চিকিৎসাসেবা অব্যাহত রাখার চেষ্টা করবে বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পেশাগত জীবনে মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রাণিচিকিৎসা দিতে হবে।”
তিনি আরও বলেন, “গ্রামীণ জনপদে প্রাণিসম্পদের উন্নয়ন, গবাদিপশুর রোগ প্রতিরোধ এবং প্রান্তিক খামারি ও পশুপালকদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন খামারিরা উপকৃত হবেন, অন্যদিকে ভেটেরিনারি শিক্ষার্থীরাও মাঠপর্যায়ে হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।”
ক্যাম্পে স্থানীয় খামারি ও পশুপালকেরা তাঁদের গবাদিপশু নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় পশুদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে পশুপালকদের প্রাণিস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. আবু হাসান এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. খালেদ হোসেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


















