থানা থেকে যুবলীগ নেতাকে ছাড়াতে গিয়ে বহিষ্কার হলেন রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক
- আপডেট সময় ০৪:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে যাওয়ার অভিযোগে দল থেকে বহিষ্কৃত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাওলাদার মুক্তা।
বহিষ্কৃত যুবদল নেতা মুক্তার বিরুদ্ধে অভিযোগ, রমনা থানা যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ড সার্কিট হাউস রোড ইউনিটের সভাপতি ওমর ফারুককে থানা থেকে ছাড়িয়ে আনতে তিনি তদবির করতে যান। এ ঘটনাকে আওয়ামী লীগ নেতাকর্মীদের রক্ষায় ভূমিকা রাখার অভিযোগ হিসেবে দেখছে যুবদল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী ফ্যাসিস্টদের রক্ষায় ভূমিকা রাখার সুস্পষ্ট অভিযোগে মোস্তফা হাওলাদার মুক্তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



















